বহুদিন আয়নায় তাকাই না
কারণ সেখানে এক ব্যর্থ প্রেমিক দাঁড়িয়ে থাকে
চোখে অনিদ্রার কালো নদী
ঠোঁটে পরাজিত সিগারেটের আগুন।
তুমি চলে যাওয়ার পর
আমার ঘরের দেয়ালগুলোও ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে;
ক্যালেন্ডারে ঝুলে আছে শুধু মৃত তারিখ
আর টেবিলের উপর পড়ে থাকে
অর্ধেক লেখা কিছু ক্ষমাপত্র
যেগুলো কখনও তোমার কাছে পৌঁছাবে না।
জানো;
মানুষ নাকি ভালোবাসলে সুন্দর হয়ে ওঠে
আমি তোমাকে ভালোবেসে ধ্বংস হয়ে গেছি।
এখন গভীর রাতে;
বুকপকেটে জমে থাকা একাকীত্ব নিয়ে
রাস্তার বাতির নিচে দাঁড়াই
মনে হয়;
পুরো শহর ঘুমিয়ে পড়লেও
আমার ভিতরে কেউ একজন
এখনও তোমার জন্য জেগে আছে।
নিকোটিনের ধোঁয়ায় বিষাক্ত বুক
তবুও এই বুকেই লুকিয়ে রেখেছি তোমার শেষ স্পর্শ
মৃত মানুষের পকেটে রয়ে যাওয়া
শেষ চিঠির মতো।