ভুল মাশুলের আয়ু

ভুল মাশুলের আয়ু
আরাফাত রহমান
হৃদয় জখম করেছে যে জন, সেই তো আবার মলম সাধে
জীবন এমন এক জুয়াখেলা, যেখানে জিতলেও মানুষ কাঁদে।
বুকের ভেতর লুকিয়ে রাখি যে তীব্র দহন, যে নীল বিষ
দুনিয়া ভাবে ওটাই বুঝি আমার গলার সুর ওটাই বুঝি শিস!
প্রেম তো নয় কোনো সহজ সওদা, বিকিয়ে দিতে হয় আপন মাথা
যে পথ দিয়ে হেঁটে গেছে সে, সে পথেই লেখা অমর গাথা।
বুঝেনি কেউ এই হৃদয়ের কী এক চাতক ব্যাকুলতা
উজাড় কিতাবে খুঁজলাম যারে, সে তো কেবলই এক শূন্য পাতা!
মানুষ কেবল দেহে বাঁচে না, বাঁচে কিছু ভাঙা বিশ্বাসে
কেউ সারাজীবন আলো খোঁজে, কেউ ডুবে থাকে সর্বনাশে।
যে ক্ষতগুলো দেখা যায় না, সেগুলোই সবচেয়ে গভীরচিত
হৃদয় ভাঙার শব্দই যে, পৃথিবীর প্রাচীনতম সংগীত।
হাসিমুখে সয়েছি যা কিছু, লোকে ভাবল তা মোর স্বভাব
কেউ তো বুঝল না এই বুকে লুকিয়ে রাখা কিসের অভাব।
জীবন কেটে গেল শুধু এই এক ভুলের মাশুল গুনে
ধুলোবালি ছিল নিজের চোখে, আর আয়না মুছেছি সারাদিনে!
